ইভটিজিংয়ের বলি মিতালী উত্যক্তকারী বখাটে লিটন গ্রেফতার
প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে বখাটে যুবকের গালমন্দ সহ্য করতে না পেরে গত রবিবার (২৩ মে) ভোরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের নবম শ্রেনীর ছাত্রী শায়লা আক্তার তুলির আত্মহত্যার পর বরিশালের আগৈলঝাড়ায় বখাটে যুবক কর্তৃক ইভটিজিংয়ের স্বীকার হয়ে রবিবার রাতে আত্মহত্যা করেছে মেধাবী ছাত্রী মিতালী মন্ডল। আগৈলঝাড়া থানা পুলিশ সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উত্যক্তকারী বখাটে লিটন রায়কে (২৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার বরিশাল আদালতে প্রেরন করা হয়। মিতালীর সহপাঠীরা গ্রেফতারকৃত বখাটে লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। মামলার এজাহারে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের হিন্দু সম্প্রদায়ের দিনমজুর বিনয় মন্ডলের কন্যা মিতালী মন্ডল। পরিবারের দারিদ্রতাকে জয় করে মিতালী পঞ্চম শ্রেণীতে বৃত্তি লাভসহ নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় মেধা তালিকায় (এ-গ্রেডে) উত্তীন হয়। দারিদ্রতার সুযোগ নিয়ে প্রতিবেশী খ্রীষ্টান সম্প্রদায়ের সুশিল রায়ের পুত্র বখাটে লিটন রায় সম্প্রতি জোড়পূর্বক মিতালীর ছবি তুলে। এরপর থেকে লিটন স্কুলে আসা যাওয়া পথে প্রায়ই মিতালীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে মিতালীর ওই ছবিতে লিটনের ছবি সংযুক্ত করে মিতালীকে বিয়ের প্রলভনে লিটন কু-প্রস্তাব দেয়। এতে সে (লিটন) ব্যর্থ হয়ে মিতালীকে নানা ধরনের ভয়ভিতীসহ ওই সংযুক্ত ছবি দিয়ে পোষ্টারিং করার হুমকি দেয়। গত শুক্রবার বিষয়টি মিতালী তার মা মালতি রানী মন্ডলকে জানায়। মিতালীর অভিভাবকরা বিষয়টি এলাকাবাসির কাছে বিচার দিলে লিটন এতে ক্ষিপ্ত হয়।
শনিবার লিটন মিতালীর বাড়িতে উপস্থিত হয়ে মিতালীকে গালমন্দসহ নানা ধরনের হুমকি প্রদর্শন করে। হুমকির মুখে উপায়অন্তুর না পেয়ে অভিমানী মিতালী দরিদ্র পিতার সম্মান রক্ষার্থে রবিবার রাত সাড়ে সাতটার দিকে নিরর্জন ঘরে বিষপান করে। কিছু সময় পর তার বাবা-মা বাড়িতে ফিরে মিতালীর ঘোঙ্গানীর শব্দ শুনে মেয়েকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে মিতালী মৃত্যুর কোলে ঢলে পরে। আত্মহত্যার খবর ছড়িয়ে পরলে বখাটে লিটন রায় আত্মগোপন করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে মিতালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে। এ ঘটনায় মিতালীর পিতা বিনয় মন্ডল বাদি হয়ে সোমবার দুপুরে লিটন রায়কে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
ওইদিন রাতেই আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্ব) এস.আই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পয়সারহাট এলাকা থেকে বখাটে লিটনকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে বখাটে লিটনকে ধিক্কার জানাতে থানা কম্পাউন্ড এলাকায় উৎসুক জনতা ভীড় করে।