আগৈলঝাড়ায় গরম পানিতে এক নববিবাহিতার
শরীর ঝলসে দিয়েছে এক প্রভাবশালী জুয়ারী ও তার সহযোগীরা
আগৈলঝাড়ার পয়সারহাটের এক বাড়িতে জুয়া খেলায় বাঁধা দেয়ায় এক নববিবাহিতার শরীর গরম পানিতে ঝলসে দিয়েছে জুয়ারীরা। ওই পরিবারের ৪ জনকে বেধরক মারধর করে জখম করেছে তারা। আহত সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট গ্রামে মৃত সেকেন্দার খন্দকারের স্ত্রী দিনমজুর মমতাজ বেগমের ঘরে একই এলাকার ভদ্রবেশী জুয়ারীরা প্রতিদিন জোরপূর্বক জুয়ার আসর বসাত। গতকাল সোমবার সকালে জুয়ার বসতে বাঁধা দেওয়ায় জুয়ারী আমজেদ ও তাদের সহযোগী খুরশিদা বেগম বাবার বাড়ি বেড়াতে আসা মমতাজের নববিবাহিতা মেয়ে বিউটিকে ভাত রান্নার গরম পানি গায়ে ঢেলে দেয়। এতে বিউটির শরীরের সম্পূর্ণ ঝলসে যায়।এসময় বিউটির মা মমতাজ, বোন মঞ্জু খানম, ভাই লালনকেও বেধরক পিটিয়ে আহত করে জুয়ারীরা। মুমূর্ষ অবস্থায় বিউটিকে থানা পুলিশ দেখার পর গৈলা হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। সে ডা. জহিরুলের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। আহত অন্যান্যদের গৈলা হাসপাতালে ভর্তি পূর্বক চিকিৎসা দেয়া হচ্ছে। জুয়ারীদের পুনরায় হামলার আতঙ্কে লালন ও মঞ্জু বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছে। অভিভাবকহীন ওই পরিবারে গিয়ে আমজেদসহ অপর জুয়ারীরা জুয়া খেলা ছাড়াও অন্যান্য কারণে উত্যক্ত করে আসছিল। আমজেদ স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য আ. রশিদ সিকদারের চাচাত ভাই। প্রভাবশালী হওয়ার কারণে এলাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস না পাওয়ায় বিভিন্ন অসামাজিক কাজ করতে সে কাউকে পরোয়া করেনা বলে জানা গেছে। পয়সারহাটের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়ত এসব ভদ্রবেশী জুয়ারীরা জুয়া খেলার পাশাপাশি অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। মামলার করার সামর্থ ও সাহস না থাকায় ওই পরিবারটি জুয়ারীদের চরম হামলার আশঙ্কায় রয়েছে বলে তারা জানিয়েছে।