মুক্তিযোদ্ধা এনামুল হককে মিথ্যে
মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ
রনাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধা তাঁতী মোঃ এনামুল হককে প্রভাবশালী এক ভূমিদস্যু কর্তৃক চুরি, ডাকাতি, জালজালিয়াতিসহ আটটি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। অসহায় মুক্তিযোদ্ধা এমামুল হক ওই ভূমিদস্যুর হাত থেকে রেহাই পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মুক্তিযোদ্ধা তাঁতী মোঃ এনামুল হকের (৬৫) দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, উজিরপুর উপজেলার খোলনা (হস্তিশুন্ড) গ্রামের প্রভাবশালী ভুমিদস্যু আহম্মদ আলী ও তার সহযোগীরা একই গ্রামের মুক্তিযোদ্ধা এনামুল হককে দীর্ঘদিন থেকে চুরি, ডাকাতি, জালজালিয়াতিসহ আটটি মিথ্যে মামলায় জড়িয়ে নানারকম হয়রানি করে আসছে। সর্বশেষ গত ২২ ডিসেম্বর গৌরনদী উপজেলার লক্ষণকাঠী গ্রামের দিল মনোয়ারা নামক জনৈক মহিলাকে দিয়ে ওই ভূমিদস্যু (আহম্মদ আলী) মুক্তিযোদ্ধা এনামুল হকের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চুরির মামলা দায়ের করান। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, খোলনা হস্তিশুন্ড গ্রামের মৃত মোবারক আলী তাঁতীর পুত্র মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টবল এনামুল হক দীর্ঘ আট বছর ধরে বামরাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেন। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমবায় জাতীয় ফেডারেশন লিমিটেডের উজিরপুর শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি (এনামুল হক) একই গ্রামের মৃত হাচান উদ্দিনের পুত্র ভূমিদস্যু আহম্মদ আলী কর্তৃক জালজালিয়াতির মাধ্যমে এলাকার অসহায় ব্যক্তিদের জমি দখলের একাধিক কর্মকান্ডে বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু আহম্মদ আলী তার সহযোগীদের দিয়ে মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য এনামুল হকের বিরুদ্ধে পর্যায়ক্রমে ৮ টি মামলা দায়ের করেন। অভিযোগের ব্যাপারে আহম্মদ আলীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।