বরিশালে মহাজোটের মহাবিজয়
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলার ৫টি পৌরসভায় মহাজোটের মহাবিজয় হয়েছে।
প্রতিটি পৌর সভায়ই মহাজোট মনোনীত মেয়র প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের শুরুতেই আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রচেষ্টায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পাঁচটি পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী ঘোষনা করা হয়। আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতিটি নির্বাচনী এলাকার মহাজোট প্রার্থীদের পক্ষে ভোট ভিক্ষায় জন্য দিনরাত নির্বাচনী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার গৌরনদী পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হারিছুর রহমান হারিছ-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৬,৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার-আনারস পেয়েছেন-২,৯৭৪ ভোট। মুলাদী পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী সফিকুজ্জামান রুবেল-আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪,৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির শুক্কুর আহম্মেদ খান-দোয়াত কলম পেয়েছেন-২,৯৯৯ ভোট, চারদলীয় জোটের প্রার্থী হারুন-অর রশিদ খান-দেয়াল ঘড়ি পেয়েছেন-২,৮২৩ ভোট।
বানারীপাড়া পৌরসভায় মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-১,৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের প্রার্থী গোলাম মাহমুদ (মাহবুব মাষ্টার)-টেলিভিশন পেয়েছেন-১,৬৩৫ ভোট। বাকেরগঞ্জ পৌরসভার মহাজোট মনোনীত মেয়র পদপ্রার্থী লোকমান হোসেন ডাকুয়া-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-২,৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১,৮৮৭ ভোট। মেহেন্দীগঞ্জ পৌরসভায় মহাজোটের মেয়র প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন খান-জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন-৮,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী চারদলীয় জোটের সাহাবুদ্দিন হিমু-দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন-২,৮৬৬ ভোট।
বিএনপির এ ভরাডুবির কারনে এসব পৌরসভার বিএনপির নেতা-কর্মীরা নিজেদের দলীয় কোন্দলকেই দায়ি করেছেন।