গৌরনদীজাতীয়

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দুইবারের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

সরকারি ফল অনুযায়ী, এবার নির্বাচনে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। প্রায় ৫৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও সংসদ সদস্য নির্বাচিত হন।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের সন্তান জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলীয় কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন (বিএনআরসি)-এর পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

তার রাজনৈতিক যাত্রা শুরু ছাত্ররাজনীতি দিয়ে। আশির দশকে তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে ধাপে ধাপে দলীয় গুরুত্বপূর্ণ পদে আসীন হন—কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, সহকারী দপ্তর সম্পাদক, পরে মিডিয়া সেলের আহ্বায়ক ও অবশেষে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পরিচিতি পান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনেও তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এবং আন্দোলন চলাকালে একাধিকবার কারাবরণ করেন।

সংসদীয় রাজনীতিতে জহির উদ্দিন স্বপন প্রথম নির্বাচিত হন ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে, পরে আবার ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে এমপি হন। ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। সংসদ সদস্য থাকাকালে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তিনি দুইবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। একই সঙ্গে আইনপ্রণেতাদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশন’-এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার ঋণ শোধ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তিনি দায়িত্ব পালন করতে চান বলে উল্লেখ করেন এবং এ সুযোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রায় আঠারো বছর পর এই আসন থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়া এবং একই সঙ্গে ওই আসনের একজন নেতা মন্ত্রিসভায় জায়গা পাওয়ায় গৌরনদী–আগৈলঝাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ নানাভাবে উদযাপনের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, এই জয় বরিশাল অঞ্চলে বিএনপির রাজনৈতিক পুনরুত্থান ও সংগঠনিক শক্তি ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Back to top button