গৌরনদী

ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় এসিল্যান্ড মেহেদী হাসান

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলার ভূমি অফিসে ফিরে এসেছে স্বচ্ছতা ও শৃঙ্খলা। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত এ অফিসটি বর্তমানে দুর্নীতিমুক্ত সেবাকেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে গৌরনদী উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষকে নানা ভোগান্তি ও অনিয়মের শিকার হতে হতো। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার কারণে পরিস্থিতির তেমন পরিবর্তন আসেনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম জানান, ২০২৫ সালের ৩১ আগস্ট এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান। যোগদানের পর থেকেই তিনি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। নিজের সততা ও প্রশাসনিক দক্ষতায় তিনি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন কৌশল চিহ্নিত করেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

পরবর্তীতে সংশ্লিষ্টদের অন্যত্র বদলি করে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে অফিসের কার্যক্রম পরিচালনা শুরু হয়। টানা প্রায় আট মাসের প্রচেষ্টায় বর্তমানে গৌরনদী উপজেলা ভূমি অফিসে জনগণ সরকারি নির্ধারিত ফি দিয়েই নির্বিঘ্নে জমি-জমার মিউটেশনসহ বিভিন্ন সেবা পাচ্ছেন।

উপজেলার সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, “এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে অতিরিক্ত কোনো টাকা দিতে হয়নি।”

স্থানীয়দের মতে, সততা, দক্ষতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

Back to top button