আগৈলঝাড়ার দুটি স্কুলের ছাত্রদের মধ্যে তিন দফা রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত – এলাকায় চরম উত্তেজনা ॥ ব্যাপক পুলিশ মোতায়েন
আগৈলঝাড়া সংবাদদাতা: তুচ্ছ ঘটনার জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ও ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর, বিকেল ও সন্ধ্যায় তিনদফা হামলা-পাল্টা ও রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় স্কুলের কমপক্ষে ২৫ জন ছাত্র আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পূর্ণরায় হামলা ও পাল্টা হামলার আশংকায় ওই দুই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপবৃত্তির টাকা আনার জন্য ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা একই উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এ সময় রাজিহার স্কুলের দশম শ্রেনীর ছাত্র শহিদুল্লাহ ও সফিক উদ্দিনের সাথে তুচ্ছ ঘটনায় ভালুকশী স্কুলের দশম শ্রেনীর ছাত্র সাইফুল ইসলামের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর পর রাজিহার স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দে উভয় স্কুলের ছাত্রদের সাথে বিষয়টি মীমাংসা করে দেন। ভালুকশী স্কুলের ছাত্ররা উপবৃত্তির টাকা তুলে বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে রাজিহার বাজারের সন্নিকটে পৌঁছলে রাজিহার স্কুলের ছাত্ররা তাদের ওপর চড়াও হয়।
এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। রাজিহার স্কুলের ছাত্রদের পক্ষ অবলম্বন করে সন্ধ্যা ৬ টার দিকে রাজিহার এলাকার লোকজন রামদা, ঢাল, সুরকি, লেজাসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জসিমের ইট খোলা নামকস্থানে বসে ভালুকশী স্কুলের ছাত্রদের ওপর পূর্ণরায় হামলা চালায়। হামলা-পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্রপের কমপক্ষে ২৫ জন আহত হয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্ত্রিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে গুরুতর আহত শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, রুহুল আমীন, রাসেদ ফকির, সাইফুল হাওলাদার, সাইয়েদুল হক, ফায়েজুল ইসলাম, শিমুল হাওলাদার, কাজী ইমরান, আল আমিন বেপারী, জসিম খান, শাখাওয়াত হোসেন, সানী কাজী, শহিদ উদ্দিন, সফিকুল আলমকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।