গৌরনদীতে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার – নির্মান কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার ও লেনটিনে রড না দেয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা প্রকৌশলীর নির্দেশ উপেক্ষা করে নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে নির্মান কাজ অব্যাহত রেখেছেন ঠিকাদার এনায়েত হোসেন খান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের (এলজিইডি) সংস্কার ও পুর্ননির্মান প্রকল্পের অধীনে উপজেলার ১৯ নং কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য একটি প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য মের্সাস সাজ কনষ্ট্রেকশনকে ২৩ লক্ষ ৬৭ হাজার টাকার কার্যাদেশ প্রদান করা হয়। গত মে মাসের শেষের দিকে ঠিকাদার এনায়েত হোসেন খান নির্মান কাজ শুরু করেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন মোল্লা জানান, ঠিকাদার প্রভাব খাটিয়ে দরপত্র বর্হিভূত ভাবে নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে নির্মান কাজ শুরু করেন। শুধু তাই নয় ভবনের লেনটিনে রড ব্যবহার না করে ঢালাই কাজ শেষ করেছে। বিষয়টি জানার পরে স্কুল কর্তৃপক্ষ একাধিক জায়গা ভেঙ্গে সত্যতা পাওয়ার পর উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন।
উপজেলা উপ-সহকারি প্রকৌশলী বজলুর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার প্রকল্পস্থানে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি আরো জানান, লেনটিনে ৪ সুতার ৪টি করে রড দেয়ার কথা থাকলেও ঠিকাদার কোন রড ব্যবহার করেননি। যার প্রেক্ষিতে ঠিকাদারকে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঠিকাদারের ৫ জন শ্রমিক নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদার এনায়েত হোসেন খান বলেন, নির্মান শ্রমিকরা ভুলে লেনটিনে রড ব্যবহার না করে ঢালাই কাজ সম্পন্ন করেছে। তিনি আরো বলেন, আমি কাজ বন্ধের নির্দেশ পাইনি।
উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া কাজ বন্ধ করে দেয়ার কথা স্বীকার করে বলেন, ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।