জামায়াত নেতা কাদের মোল্লা গ্রেফতার
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পথে মঙ্গলবার বিকেল সোয়া ৪টা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কাদের মোল্লাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, পল্লবী থানায় দায়ের করা গণহত্যা মামলায় কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমীর হোসেন মোল্লা বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলার নং ৬০/২০৮। এ মামলায় কাদের মোল্লা একজন আসামি। অপর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে গ্রেফতার করতে পুলিশ হাইকোর্টের বাইরে অবস্থান নিয়েছে। গ্রেফতার এড়াতে কামারুজ্জামান হাইকোর্টে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চেম্বারে অবস্থান করছেন। গত ২৯ জুন পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের ১১ নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে। এ মামলায় ৮ জনকে ইতোপূর্বে জামিন
দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার নির্দেশের অভিযোগে ২০০৭ সালের ৭ ডিসেম্বর মোজাফ্ফর আলী নামে এক ব্যক্তি কামারুজ্জামান ও কাদের মোল্লাসহ জামায়াতের ১৩ নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দুটিতে তাদের যেন পুলিশ গ্রেফতার বা হয়রানি না করে সে জন্য তারা আজ মঙ্গলবার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। বিচারপতি আফজাল হোসেন আহমেদ এবং বিচারপতি মো. আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ওই রিটের শুনানি এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন।
![]()