দু’দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ ॥ গৌরনদীর এক স্কুল ছাত্রীকে ॥ এ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী লিজা আক্তারকে এ্যাডিস মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে এলাকার চিহিৃত সুদখোর আলমগীর সরদার। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী করার পর আলমগীর আরো বেপরোয়া হয়ে ওঠে। অব্যাহত হুমকির মুখে স্কুল ছাত্রী লিজা গত দু’দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
স্কুল ছাত্রী লিজা আক্তারের দিনমজুর পিতা উপজেলার বাসুদেবপাড়া গ্রামের কালাম মৃধা গতকাল বুধবার লিখিত অভিযোগে জানান, তিন বছর পূর্বে একই গ্রামের আলমগীর সরদারের কাছে তার পৈত্রিক জমি বন্ধক রেখে ষ্ট্যাম্পে স্বাক্ষর করে তিনি ১০ হাজার টাকা এনেছিলেন। সম্প্রতি জমি বন্ধকির টাকা ফেরত দিয়ে ষ্ট্যাম্প চাওয়া হলে আলমগীর নানা তালবাহানা শুরু করে। অতিসম্প্রতি
দিনমজুর কালাম মৃধার কাছে ১০ হাজার টাকার সুদ বাবদ আলমগীর সরদার ৭০ হাজার টাকা দাবি করে। এনিয়ে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হলে আলমগীর সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো দিনমজুর কালামকে নানাধরনের ভয়ভিতী প্রদর্শন করে। অভিযোগে আরো জানা গেছে, গত সোমবার সকালে আলমগীর সরদার দিনমজুর কালামের বাড়িতে উপস্থিত হয়ে তার দাবিকৃত ৭০ হাজার টাকা দেয়া না হলে কালামের স্কুল পড়–য়া কন্যা লিজা আক্তারকে এ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করা হলে আলমগীর আরো বেপরোয়া হয়ে ওঠে। তার অব্যাহত হুমকির মুখে গত দু’দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে স্কুল ছাত্রী লিজা। অসহায় দিনমজুর কালাম মৃধা ও তার পরিবার সুদখোর প্রভাবশালী আলমগীর সরদারের হাত থেকে রেহাই পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।