কলেজছাত্রী অপহরনের ঘটনায় ১২ বছর পর
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল বুধবার সকালে কলেজছাত্রী অপহরন মামলার অন্যতম আসামি ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, কালকিনি উপজেলার সৈয়দ আতাহার আলী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী সাবিনা ইয়াসমিন ১৯৯৮ সালের ২০ এপ্রিল পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে দর্শনা নামকস্থানে পৌঁছলে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিমন চৌকিদার, ছাত্রদল নেতা শহিদুল ও উজ্জলের নেতৃত্বে ৫/৬ জনে ক্যাডার অস্ত্রের মুখে টেম্পুযোগে কলেজ ছাত্রীকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় আত্মরক্ষার্থে সাবিনা টেম্পু থেকে লাফিয়ে পরে।
এতে সে (সাবিনা) মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদি হয়ে কালকিনি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গত ১৯৯৯ সালের ১৩ নভেম্বর মাদারীপুর দায়রা জজ আদালত আসামিদের ১০ বছর করে সাজাপ্রদান করেন। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার এএসআই নজরুল ইসলাম গতকাল বুধবার উপজেলার বয়সা থেকে সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার দুপুরে বরিশাল কোর্টে প্রেরন করা হয়।
