গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ যুদ্ধাপরাধীদের বিচারের কাজ বিলম্বিত হলে মুক্তিযোদ্ধাদের আবার আরেকটি যুদ্ধের জন্য রাজপথে নামতে হবে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পালিয়ে থাকা খুনীদের দেশে ফিরিয়ে এনে আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পূর্বে ফাঁসির রায় কার্যকর করতে হবে। মানবতা বিরোধীদেরও ফাঁসি দিতে হবে। ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম
কর্তন করতে হবে। বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ও যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুতুব উদ্দিন।
গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উপজেলা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার এ.এম.জি কবির ভুলু। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মনিরুল হক, সহকারি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ.এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল হাসান সবুজ প্রমুখ।