ইফতার করা হলো না শাহজাহান খানের – বরিশালে ট্রাকের চাপায় দু’জন নিহত – এলাকাবাসির ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ
গৌরনদী: ইফতারের পূর্ব প্রস্তুতি নিতে ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন শাহজাহান খান (৬৫)। পথিমধ্যে ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি। একই সাথে দশ বছরের এক শিশুও একই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসি প্রায় ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার
ইফতার পূর্ব সাড়ে ছয়টার দিকে বরিশাল নগরীর ব্যস্ততম সিএন্ডবি কাজীপাড়া তেমাতা নামকস্থানে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। এসময় ট্রাকের ড্রাইভার আবুল কাসেম পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা হেলপার খলিলুর রহমানকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিন্ডবি কাজীপাড়া নামকস্থানের খান মেডিকেল হলের স্বত্তাধিকারী মোঃ শাহজাহান খান (৬৫) ইফতারের জন্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে পাশ্ববর্তী বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় পথচারী শাহজাহান খানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় ঘাতক ট্রাক পথচারী ফৌজিয়া রহমান ফৌজি (১০) নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই ফৌজিও মারা যায়। নিহত ফৌজির পিতা সিন্ডবি এলাকার সুলতান মিস্ত্রি। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।