আর্কাইভ
কালকিনিতে সড়ক দুর্ঘটনায় ডাক্তারসহ দু’জন গুরুতর আহত
গৌরনদী অফিস ॥ মাদারীপুর-কালকিনি সড়কের মসজিদবাড়ি এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় একজন চিকিৎসকসহ দু’জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুরগামী যাত্রীবাহী লোকাল বাস বেপরোয়াগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী অপসোনিন ঔষধ কোম্পানীর কালকিনি উপজেলার বিক্রয় প্রতিনিধি গবিন্দ চন্দ্র দাস (৩২) ও সাহেবরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ শিশির মন্ডল (৩৫) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালকিনি থানা পুলিশ গোল্ডেন নামের লোকাল বাসটি ও চালক আমিনুল ইসলামকে আটক করেছে।