গৌরনদীতে জামায়াত অফিসের সাইনবোর্ডে অগ্নিসংযোগ


মুক্তিযোদ্ধাদের রগ কাটা বাহিনীকে প্রতিহত করার শপথ
বরিশালের গৌরনদী উপজেলা জামায়াত কার্যালয়ের সাইনবোর্ডে গতকাল রবিবার সকালে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্দ জনতা। অপরদিকে উপজেলার মুক্তিযোদ্ধারা সমাবেশের মাধ্যমে জামায়াত শিবিরের রগকাটা বাহিনীকে প্রতিহত করার শপথ গ্রহন করেছেন।
জানা গেছে, গতকাল রবিবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা জামায়াত কার্যালয়ের (ভাড়াটিয়া ঘরের) সাইনবোর্ড খুলে বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর এনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।
একইদিন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে রাজশাহী ও চট্টগ্রামে জামায়াত শিবিরের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ইসলামের নামে জামায়াত-শিবিরের রগকাটা কর্মকান্ডকে প্রতিহত করার জন্য শপথ গ্রহন করেন। একই সভায় বক্তারা বর্তমান সরকারের কাছে রগকাটা দলকে বিলুপ্ত ঘোষনা ও অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার জন্য দাবি জানান। স্থানীয় কমান্ড কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক ও যুদ্ধচলাকালীন কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সচিব মনিরুল হক, সদস্য আব্দুর রাজ্জাক সরদার, শান্তি রঞ্জন কর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন রাঢ়ী, সোবেদার মোস্তফা জামাল, আব্দুল হক ঘরামী, প্রফেসর মজিবর রহমান মোল্লা প্রমুখ।