গৌরনদীতে স্কুল ছাত্রদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ড এলাকায় পালরদী মাধ্যমিক
বিদ্যালয়ে নবম শ্রেনী ও অষ্টম শ্রেনীর ছাত্রদের মধ্যে হামলা-পাল্টা হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত ২ স্কুল ছাত্রকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম শনিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে বসে নবম শ্রেণীর ছাত্র কাজলকে তুই বলে সম্মোদন করে। সিনিয়র জুনিয়র নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে কাজল ও তার ৩/৪ সহপাঠী সাইফুলকে মারধর করে। এর জের ধরে উভয় গ্রপের সমর্থকরা বিকেল সাড়ে ৫ টার দিকে আশোকাঠি বাসষ্ট্যান্ড এলাকায় মহড়া দেয়। মহড়ার এক র্পায়ে সন্ধ্যা ৬ টার দিকে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ৪ জন আহত হয়। এর কিছুক্ষন পরপর আশোকাঠিস্থ গৌরনদী হাসপাতাল চত্তরে সাইফুল গ্রপের সমর্থকরা কাজল গ্রুপের সমর্থকদের উপর হামলা চালালে কাজল গ্রুপের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে সাইফুল গ্রুপের আমিনুল সরদার(১৬), ইমরান(১৫), এমরান(১৫), আলমগীর(১৫)কে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।