পুলিশী হামলায় সাংবাদিক ও সংসদ সদস্যসহ বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত
নিজস্ব সংবাদদাতা॥ বরিশাল নগরীতে পুলিশের হামলায় গতকাল রবিবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবর
রহমান সরোয়ার-এমপি, কর্মরত দু’সাংবাদিকসহ বিএনপির অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় পুলিশ গ্রেফতার করেছন মহানগর ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, জুলহাস উদ্দিন মাসুদ, ওয়ার্ড ছাত্রদল নেতা রিপনসহ ১০ জন নেতা-কর্মীকে। এ নিয়ে পুরো নগরীজুরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকার দলীয় নেতা-কর্মীরা লাঠি সোটা নিয়ে নগরীর বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বলে বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেন।
সূত্রমতে, গতকাল রবিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সম্মুখ থেকে এমপি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতা-কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি গীর্জা মহল্ল¬ার মাজারের সন্নিকটে পৌঁছলে পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ও সরকার দলীয় নেতা-কর্মীদের লাঠির আঘাতে আহত হন এমপি সরোয়ারসহ বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মী ও সমর্থক। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন স্থানীয় দৈনিক সত্য সংবাদের প্রধান আলোকচিত্রী এম.সালাউদ্দিন ও দৈনিক বাংলার বনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান।
এমপি মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, পুলিশের সাথে সরকার দলীয় ক্যাডাররা যুক্ত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এখনো নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে লাঠিসোটা নিয়ে ওইসব ক্যাডাররা মহরা অব্যাহত রেখেছে।