মহাজোট প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মহাজোট প্রার্থীর নির্বাচন
পরিচালনার জন্য নয় সদস্য বিশিষ্ট ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ ডাকবাংলোতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান।
শেষে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপিকে আহবায়ক, শাহ আলম খানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-আওয়ামীলীগ কুয়েত শাখার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সভাপতি বীরেন চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, আবু সাঈদ নান্টু, গোলাম মনির মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন ভূঁইয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মনির হোসেন।