শিক্ষার্থীদের তিনদিনের কর্মসূচীর প্রথমদিন
গৌরনদীর মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের
অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে গতকাল বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সভাবেশ করেছেন সাধারন শিক্ষার্থীরা। সমাবেশের মাধ্যমে বিক্ষোভকারীরা নানা কর্মসূচী ঘোষনা করেন। তারা অধ্যক্ষের নানা দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে কলেজ গভনিং বডির সভাপতির কাছে লিখিত আবেদন করেছেন।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ কলেজের মোটা অংকের টাকা আত্মসাত, প্রভাষক নিয়োগে নানা দূর্নীতি ও কলেজ পরিচালনায় অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সূত্রমতে, অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের টাকা আত্মসাতের অভিযোগে বিগত দিনে কলেজ গভনিং বর্ডির সদস্যদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পান। তারা সময় বেঁধে দিয়ে অধ্যক্ষ কর্তৃক আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। তদন্ত কমিটির নির্দেশকে উপেক্ষা করে অধ্যক্ষ ফিরোজ ফোরকান অদ্যবর্ধি টাকা ফেরত না দিয়ে দুর্নীতে আরো বেপরোয়া হয়ে ওঠেন। এছাড়াও তিনি (অধ্যক্ষ) কলেজে প্রভাষক ও কর্মচারী নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াসহ কলেজ পরিচালনায় নানা অনিয়ম করে আসছেন।
উল্লেখিত অভিযোগের ভিত্তিতে কলেজের সাধারন শিক্ষার্র্থীরা অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের অপসারনসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে তিনদিনের কর্মসূচী গ্রহন করেন। গতকাল বুধবার সকাল দশটায় কর্মসূচীর প্রথমদিনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাজারসহ ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের ছাত্র এইচ.এম মাসুদ রানা, সোহাগ হাওলাদার, শহিদুল ইসলাম, নিলকন্ঠ বালা, ইমন সেরনিয়াবাত, সোহেল রাঢ়ী প্রমুখ। বক্তারা কর্মসূচীর দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ, শেষদিন আগামি শনিবার বিক্ষোভ মিছিল করে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার কর্মসূচী ঘোষনা করেন।
এ ব্যাপারে মাহিলাড়া কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি অনিয়ম ও দুর্নীতির কথা অস্বীকার করে বলেন, গুটি কয়েক ব্যক্তির কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব কর্মসূচী ঘোষনা করা হয়েছে। যার সাথে কলেজের সাধারন শিক্ষার্থীদের কোন সম্পৃক্ততা নেই।
