গৌরনদীতে ১৪ বছর পর আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের প্রানচাঞ্চল্য
দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে সম্মেলনের মাধ্যমে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ওই কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর ১৯৯৬ সালে প্রবীণ আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহকে আহবায়ক করে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃবৃন্দর তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও দলের অভ্যন্তরীন কোন্দলের কারনে আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। ২০০৫ সালে দলীয় কোন্দলের কারনে আহবায়ক কালিয়া দমন গুহ পদত্যাগ করেন। এর পর ওই আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। দীর্ঘ ৫ বছর গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ছিলেন কমিটি বিহীন। গত ৪ মার্চ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি দক্ষিণাঞ্চলের আওয়ামীলীগের নিতীনির্ধারক, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা কমিটি না থাকায় নানা সমস্যার কথা তুলে ধরেন। এ ছাড়াও তার (আবুল হাসানাত আব্দুল্লাহর) উপস্থিতিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নেতা-কর্মী ও সমর্থকরা দাবি তোলেন।
দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের দাবির মুখে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ সর্বপ্রথম আজ সোমবার উপজেলার ১ নং খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক সম্মেলনে অংশগ্রহন করবেন।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক কালিয়া দমন গুহ জানান, দলের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মতামতের ভিত্তিতে ঝিমিয়ে পরা সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল ও দলকে শক্তিশালী করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক সম্মেলন শুরু করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সম্মেলনের পর চলতি মাসের মধ্যেই গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগের সমর্থক গোলাম হেলাল মিয়া, মনির হোসেন সরদার, কামাল মোল্লা, বজলুর রশিদ, আব্দুল হক ঘরামীসহ একাধিক নেতা-কর্মী ও সমর্থক জানান, দীর্ঘ একযুগেরও অধিক সময় পর সম্মেলনের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কমিটির গঠন প্রক্রিয়া শুরু করায় দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। দলকে সু-সংগঠিত করার লক্ষে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মী ও সমর্থকদের সঠিক মূল্যায়ন করে প্রতিটি কমিটি গঠন করা হবে বলেও তারা মন্তব্য করেন।