গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে

আইনজীবিদের ভূমিকা অপরিসীম
....আবুল হাসানাত আব্দুল্লাহ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দিতে আইনজীবিদের ভূমিকা অপরিসীম। বিচার বিভাগ পৃথককরন, পঞ্চম সংশোধনী বাতিল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের বিচার রায় কার্যকর করতে আইনজীবিদেরই ছিলো প্রধান ভূমিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে আইনজীবিদেরই মূল ভূমিকা পালন করতে হবে। আইনজীবিদের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।গতকাল সোমবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বারের আইনজীবীদের আওয়ামীলীগে যোগদান উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদ ডাকবাংলোতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান, বরিশাল বার এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন নেগাবান, সাধারন সম্পাদক এডভোকেট মুনসুর আহম্মেদ প্রমুখ।
শেষে জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল জেলার অন্যতম নেতা ও সাবেক পিপি এডভোকেট কাজী মুনিরুল হাসান ও এডভোকেট কাজী শহিদের নেতৃত্বে ১২ জন সিনিয়র আইনজীবি আবুল হাসানাত আব্দুল্লাহর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগের যোগদান করেন। সভা শেষে সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।