প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে যুবদলের নেতাদের ফায়দা লোটার অভিযোগ
- ঘটনার সাথে সম্পৃক্ত নয় দাবি করে ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন-
চাঁদাবাজির দাবিতে হাসপাতালের উন্নয়ন কাজ বন্ধ শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক জসীম সরদার। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার রাজনৈতিক সুনাম ও সামাজিক মর্যাদাকে হেয়প্রতিপন্ন ও ক্ষ্ন্নু করার জন্য প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় পরিচয় দানকারী চারদলীয় জোটের যুবদলের কয়েকজন নেতা সাংবাদিকদের কাছে মিথ্যা ও ভূয়া তথ্য সরবরাহ করেছে। যা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত হয়েছে।
যা সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট বলে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, তিনি নিজে কোন ঠিকাদারী কাজ বা সন্ত্রাসী কাজে জড়িতনা। তথ্য সরবারহকারী প্রতিমন্ত্রীর নিকটাত্মীয়রা চারদলীয় জোট বিএনপি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পূর্বে থেকেই তিনিসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হয়রানীমূলক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এমনকি এলজিআরডি প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রশাসনসহ বিভিন্নস্থানে প্রভাব বিস্তারসহ ঠিকাদারী কাজ বাগিয়ে নিচ্ছে। গত ৬জুন গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শ্রমিকদের বাকি খাওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর সাথে তার ও তার কোন লোকজনের সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, সদস্য মজিবর সেরনিয়াবাত, নুরুল হক মোল্লা, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ প্রমুখ।