বরিশালে মাদকাসক্ত সন্তানদের বিরুদ্ধে তিন মায়ের মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা ॥ নেশায় আসক্ত তিন সন্তানকে কারান্তরীন রাখার আরজি করে মঙ্গলবার বরিশালের একটি আদালতে তিন বৃদ্ধা মা তাদের তিন সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বরিশাল মুখ্য বিচারিক হাকিম মোঃ মাসুদুর রহমানের কাছে তিন মায়ের আরজি করার পর বিচারক দুই সন্তানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও একজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিন মা পৃথক ভাবে তিনটি নালিশী আরজি করেন।
তিন মা আরজিতে একই অভিযোগ আনেন, তাদের সন্তানরা নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। পরে নেশা ক্রয় করতে ঘর থেকে টাকা চুরি করেছে।
তিন মা হলেন- বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের সোনাবান বিবি (৬০), নগরীর রূপাতলী উকিলপাড়া সড়কের সুফিয়া বেগম (৫৫) ও কলেজ রোডের বাসিন্দা বেগম সৈয়দুন্নেছা (৭০)। নালিশী আরজিতে সোনাবান বিবি অভিযোগ করেন তার ছেলে খলিলুর রহমান (৪০) নেশার জন্য ৩ হাজার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করে। এরপর ঘর থেকে জোরপূর্বক ৪ হাজার টাকা নিয়ে যায়। এই বৃদ্ধার আরজি তদন্ত করার জন্য ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছেন হাকিম।
সুফিয়া বেগম অভিযোগ করেন, তার ছোট ছেলে মোস্তফা কামাল মিয়া (৩২) নেশার টাকা না পেয়ে তাকে ও তার স্বামীকে মারধর করে বাসা থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। বেগম সৈয়দুন্নেছা নালিশীতে উল্লেখ করেন, সন্তান আঃ মন্নান নেশার জন্য ৫০ হাজার টাকা চায়। না দেয়ায় ঘরের আসবাপত্র ভাংচুর করে। এমনকি টাকার জন্য তাকে ও তার স্বামীকে মারধর করে বাসা থেকে গলায় থাকা স্বার্নের চেইন ছিনিয়ে নেয়। মাদকাসক্ত সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ এ দুই মায়ের আরজিতে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন হাকিম।