আর্কাইভ
১০ টাকায় নয় ৩৫ টাকায়!!!
কৃষকদের অভিযোগ ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে তাদের ব্যয় হচ্ছে ৩৫ টাকা। এছাড়াও পদে পদে তাদের হয়রানীয় স্বীকার হতে হয়। উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের রুবা বেগম অভিযোগ করেন, গতকাল সোমবার সকাল ৯টায় তিনি কৃষি কার্ড নিয়ে টরকী বন্দর জনতা ব্যাংকে আসেন হিসাব খোলার জন্য। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ ফরম পূরণ করার কথা বলে তার কাছ থেকে প্রথমে ১০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে কৃষি কার্ডসহ অন্যান্য কাগজপত্র ফটোকপি করার জন্য ১৫ টাকা ও ব্যাংক এ্যাকাউন্টের ১০ টাকাসহ মোট ৩৫ টাকা ব্যয় করে তিনি হিসাব খুলেছেন। তিনি আরো জানান, ব্যাংক হিসাব খোলার জন্য দুইদিন তাকে ব্যাংকে আসতে হয়। এতে তার প্রায় ১৫০ টাকা খরচ হয়েছে। একই ভাবে অভিযোগ করেন, বড়দুলালী গ্রামের কৃষক কাজী ছরোয়ার, মাদ্রা গ্রামের মনোয়ারা বেগম, কমলাপুর গ্রামের আবুল কালাম, নুর মোহাম্মদ, বার্থী গ্রামের আমিনুল ইসলাম শাহীন, বাউরগাতি গ্রামের বাবুল সরদার, তাঁরাকুপি গ্রামের সুবল মন্ডলসহ অনেকে।
এছাড়াও ব্যাংকের ভিতরে হিসাব খোলার (ফরম পূরণের জন্য) ব্যাংকের সিকিউরিটি গার্ড মোঃ হানিফ মিয়া ও এক তরুনীকে বসানো হয়েছে। তারা ফরম পূরণ করে দেয়ার জন্য কৃষকদের কাছ থেকে ১০ টাকা করে গ্রহন করছেন।
এ প্রসঙ্গে জনতা ব্যাংক টরকী বন্দর শাখার ম্যানেজার আফজাল হোসেনে বলেন, টাকা নেয়ার বিষয়টি নিয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেননি। এ সময় ম্যানেজারের কক্ষে প্রায় ১৫/২০ জন কৃষক উপস্থিত হয়ে টাকা নেয়ার বিষয়টি ম্যানেজারকে অবহিত করেন। এ সময় ম্যানেজার ধমক দিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদ মাহবুব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হচ্ছে।