ওসিকে ঘুষ না দেয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান আটক!
আটক করলে তাদের ছাড়াতে অফিসার ইনচার্জকে (ওসি) ঘুষ না দেয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া সিকদারকে হত্যা মামলার আসামী দেখিয়ে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রেফতারের খবরে এলাকায় তীব্র উত্তেজনা বিড়াজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়নের নতুন চরদৌলত খাঁ গ্রামে সোমবার সকালে একটি বোমার বিস্ফোরণ ঘটলে পুলিশ ঘটনাস্থল থেকে সিডিখান ইউপির যুবলীগের সভাপতি হালিম মোল্লা, স্থানীয় কৃষক ছোবাহান খাঁন ও ভাড়ায় চালিত মটরসাইকেল চালক রাজিব নামের ৩জনকে আটক করে পুলিশ। ৩ঘন্টা পরে আটকৃতরা কর্মী হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান চাঁনমিয়া সিকদার থানায় গিয়ে ছেড়ে দেয়ার জন্য ওসি এ কে এম শাহীন মন্ডলকে অনুরোধ জানায়। এতে ওসি বিশাল অংকের ঘুষ দাবী করলে চানমিয়া সিকদার ওসির কক্ষ থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি জানাজানি হয়ে গেলে উত্তেজিত হয়ে ওসি থানার গেট থেকে চাঁনমিয়া সিকদারকে কৌশলে ডেকে থানার অফিস কক্ষে বসিয়ে রাখেন। দুপুর আড়াইটার সময় আটককৃতদের সাথে তাকে আদালতে নেয়ার উদ্দেশ্যে গাড়িযোগে মাদারীপুর নিয়ে যাওয়া হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান চানমিয়া সিকদারের ছোট ভাই নজরুল সিকদার বলেন, ওসির ঘুষ চাওয়ার বিষয়টি এলাকায় ব্যাপকভাবে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। আর আমার ভাইকে পুলিশ কোথায় রেখেছে তা জানতে পারিনি।
কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ বক্তব্য নেয়া সম্ভব হয়নি।