আর্কাইভ

বরিশালে ২ শিবির কর্মী গ্রেপ্তার

মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকা থেকে ছাত্রশিবিরের  ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- শিবির কর্মী ওমর ফারুক (১৮) ও খাইরুল ইসলাম নোমান (১৮)।ওমর ফারুক মেহেন্দীগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাইনউদ্দিন ইসলামের ছেলে ও খাইরুল ইসলাম নোমান বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের সিদ্দিকুর রহমান মাতুব্বরের ছেলে।

কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান জানান, পুলিশের দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা শিবির কর্মী নিশ্চিত করে মহানগর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে তাদের অক্সফোর্ড মিশন রোডের আবাসিক মেস নীলাচল থেকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা। এসময় বাধা দিতে গেলে পুলিশের ওপর হামলা চালায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এ ঘটনায় পরে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামান মামলা দায়ের করেন।

Back to top button