আর্কাইভ
গৌরনদীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা জাতীয়তাবাদী মৎস্য দলের সভাপতি ও বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান শামচুল হক হাওলাদারের নেতৃত্বে তার ১০/১৫ জন সহযোগী গত ২৬ এপ্রিল সকালে বাটাজোর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র চত্বরের ১ টি বিশাল আকৃতির মেহগনি গাছ কাটতে শুরু করে। এ সময় উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ আনোয়ারুল হক কামাল ও কর্মচারীরা গাছ কাটতে বাঁধা প্রদান করেন। তাদের বাঁধাকে উপেক্ষা করে জোড়পূর্বক ইউপি চেয়ারম্যান শামচুল হক ও তার লোকজনে বিশাল আকৃতির ২টি মেহগনি, ১টি তেঁতুল, ২টি আম গাছসহ মোট ৭ টি গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। বিষয়টি ইনচার্জ ডাঃ আনোয়ারুল হক কামাল বরিশাল সিভিল সার্জন ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত ভাবে জানিয়েছেন।
বাটাজোর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শামচুল হক হাওলাদারের কাছে জোড়পূর্বক সরকারি গাছ কেটে নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকা বাটাজোর মহিলা কলেজটির স্বার্থে নির্মানাধীন কলেজ ভবনের জানালা-দরজা তৈরির জন্য বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ২/১ টি গাছ কেটে নেয়া হয়েছে।
বরিশাল সিভিল সার্জন ডাঃ অনিল চন্দ্র দত্ত জানান, তিনি বাটাজোর উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ কেটে নেয়ার লিখিত অভিযোগ পেয়েছেন। যারা গাছ কেটে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।