বিরোধী দলীয় নেত্রীর হুমকিতে আওয়ামীলীগ সরকার ভয় পায় না -আবুল হাসানাত আব্দুল্লাহ্
লাল দিঘির ময়দানে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়ে আওয়ামীলীগ তথা মহাজোট সরকারকে উৎখাতের হুমকি দিয়েছে। ওইসব হুমকি আর আন্দোলনকে আওয়ামীলীগ তথা মহাজোট সরকার ভয় পায় না। বিএনপি-জামায়াত দেশের মধ্যে এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। যত ষড়যন্ত্রই করা হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ গতকাল বুধবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের প্রতি মমত্ববোধ থাকলে তার নিজের স্বামীর নামে প্রতিষ্ঠিত এতিমখানার টাকা তিনি ও তার গুনধর ছেলে তারেক রহমান আত্মসাৎ করতে পারতেন না। তার গুনধর ছেলে তারেক ও তার বন্ধু মামুন সারাদেশে বিদ্যুতের খাম্বা (খুঁটি) তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ’৭৫-র আত্মস্বীকৃত খুনীরা গর্বের সাথে বলেছিল তাদের কোন বিচার হবে না। এ লক্ষে জিয়াউর রহমান একটি কালো আইন পাশ করে তাদের বিচার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো। এছাড়াও ওই খুনীদের দেশে ও বিদেশে চাকুরী দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছিলো। আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাধীন দেশের মাটিতেই ওইসব খুনীদের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকী খুনীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।
উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা।
শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ফারুক বকতিয়ার সভাপতি ও মোঃ ইউনুস আলী মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।