আপনার কি মনে হয় এটা থেকে সত্যি সত্যিই টাকা আয় সম্ভব? by জিন্নাত উল হাসান
![হাহাহাহা... আপনার কি মনে হয় এটা থেকে সত্যি সত্যিই টাকা আয় সম্ভব? [স্ক্যাম রির্পোট]](http://juhbn.s3.amazonaws.com/wp-content/uploads/2010/05/home-based-income-surveys-scam.png)
ইন্টারনেটে বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করলে প্রায়শই এক ধরনের বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়, একজন মা ঘরে বসে সার্ভে করেই হাজার টাকা হাজার কামিয়ে ফেলেছে। আপনার কথা জানি না, আমার তো ভীষণ মেজাজ গরম হয়। কারণ এইসব বিজ্ঞাপনগুলোই ভুয়া।
ওইসব বিজ্ঞাপনে ক্লিক করেই নাকি ফ্রিতে সব রহস্য জানতে পাওয়া যায়। আসলে ক্লিক করেছেন তো মরেছেন, একের পর এক ইমেইল, নিউজলেটার, এফিলিয়েট লিংক পাঠিয়ে আপনার ইমেইল একাউন্টের বারোটা বাজিয়ে দেবে। সব ইমেইলেই আপনাকে বলবে এটা কিনুন, সেটা কিনুন, এখানে সাইনআপ করুন, এখানে ক্লিক করুন।
আমি সবসময়ই এইসবের বিপক্ষে। তাই হয়তো মনে হতে পারে এদের সাথে আমার শত্রুতা আছে। আসলেই কি তাই? না, আমার কোনো শত্রুতা নেই, কারণ আমি এধরনের যতগুলো কেইস দেখেছি, সবগুলোই ভুয়া। চোখ বন্ধ করেই বলে দিতে পারি এইসব ধান্ধায় ভুয়া। আপনাদের হয়তো মনে আছে ডিকাপোর কথা, কিভাবে প্রমাণ করেছিলাম তাদের পুরো ধান্ধাই ভুয়া।
যাহোক, দু’দিন আগে পেরেজ হিলটনের গসিপ ওয়েবসাইটে ঘুরোঘুরি করছিলাম, সেখানে দেখি এমনই একটি বিজ্ঞাপন – যাতে বলা হয়েছে একজন গৃহিনী মা ঘরে বসে সার্ভেতে অংশগ্রহন করে এক মাসেই ৩,৪০০ পাউন্ড কামিয়ে ফেলেছেন। ওয়াও!
জানি, এগুলো ভুয়া। তারপরেও মহিলার (!) কাহিনী জানতে খুব ইচ্ছে করলো। ওয়েবসাইটে গেলাম। একপেজের সেলসপেজ। প্রতিটি লিংকই আপনাকে সাইনআপ ফরমেই দিকে নিয়ে যাবে। পাতার প্রথমেই ৮ সপ্তাহের একটি বাচ্চার সাথে একজন হাস্যোজ্জ্বল মহিলার ছবি। সুখী পরিবার!
বামদিকে একটি চেকের ছবি। ছবির আঙ্গুল আর মহিলার আঙ্গুল এক মনে হলো না। যাহোক, সবচেয়ে মজার ব্যাপার হলো চেকটি গুগলের চেক! গুগল আবার কবে থেকে সার্ভে করা শুরু করল। আমি তো জানি না, আপনি কি কিছু জানেন?
বিশ্বাস করতে পারেন, ওরা আয়ের প্রমাণস্বরুপ গুগলের চেক দেখাচ্ছে। যেসব প্রতিষ্ঠান আয়ের প্রমাণই দেখাতে পারে না, তারা কি করে আপনাকে টাকা দেবে একবার চিন্তা করে দেখুন। পুরো ব্যাপারটিই একটি স্ক্যাম।
এই স্ক্যামগুলো এখনও ভাল চলে কারণ এগুলো ঘরে বসে থাকা মহিলা কিংবা বেকারদের গল্প শুনিয়ে লোকজনকে প্রভাবিত করে। আর লোকজন মনে করে ওরা যদি টাকা কামাতে পারে তাহলে আমার মতো শক্তসামর্থ্যরা কেন ব্যর্থ হবে?
আপনি ১০০% ভাগই ব্যর্থ হবেন, কারণ পুরো ধান্ধাটাই ব্যর্থ। চোখ খোলা রাখুন, প্রতিটি বিষয় বিশ্লেষণ করতে চেষ্টা করুন। অযথা ফ্রির পেছনে দৌড়াবেন না।
সাথে থাকুন, ভাল থাকুন।
সবার জন্য রইল শুভ কামনা।
লিখেছেন জিন্নাত উল হাসান
তিনি একজন ওয়েব ডেভেলপার, ব্লগার এবং সার্চ ইঞ্জিন কনসালটেন্ট হিসেবে FE Samuels Group এ কর্মরত আছেন।তিনি অবসরে হাসান অনলাইন এ ইংরেজি ব্লগ লিখেন এবং সার্চ ইঞ্জিন ফোরামের এডমিনের দায়িত্ব পালন করছেন।