গৌরনদীর এক বখাটে যুবককে গণধোলাই
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ অসৎ উদ্দেশ্যে গভীর রাতে জানালা ভেঙ্গে প্রবেশ করে এক গৃহবধূকে ঝাঁপটে ধরার ঘটনায় এক বখাটে যুবককে গণধোলাই দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বেজহার গ্রামে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ওই গ্রামের দিনমজুর শাহজাহান খলিফা জানান, শনিবার রাত দেড়টার দিকে পাশ্ববর্তী বাড়ির হাতেম আলীর বখাটে পুত্র বেল্লাল হোসেন তার ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে। এক পর্যায়ে ঘুমন্ত অবস্থায় অসৎ উদ্দেশ্যে বেল্লাল তার স্ত্রী শেফালী বেগমকে ঝাঁপটে ধরে। শেফালীর ডাকচিৎকারে ঘর ও বাড়ির লোকজন এগিয়ে এসে বখাটে বেল্লালকে আটক করে গণধোলাই দেয়। এক পর্যায়ে কৌশলে বেল্লাল পালিয়ে যায়। তিনি আরো জানান, এরপূর্বেও একাধিকবার বখাটে বেল্লাল তার স্ত্রী শেফালী বেগমকে ঝাঁপটে ধরে। এনিয়ে স্থানীয় ভাবে সালিশ বৈঠক বসে বখাটে বেল্লালকে জুতাপেটাও করা হয়। গতকাল রবিবার সকালে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।