কলেজ ছাত্রীকে উত্যক্তর ঘটনায় তদন্ত কমিটি গঠন
গৌরনদী অফিস ॥ বরিশালের আগৈলঝাড়ার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক কর্তৃক একাদশ শ্রেনীর ছাত্রীকে উত্যক্তর ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন জানান, কলেজ গবর্নিং বর্ডির সদস্যদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রী উত্যক্তকারী শিক্ষক ফারুক ফকিরকে বুধবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয় এবং ওই ঘটনা তদন্তে একই সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কলেজ ছাত্রী ফ্লোরিয়া ঢালী শম্পাকে উত্যক্তর ঘটনায় গত সোমবার রাতে শিক্ষক ফারুক ফকিরকে আসামি করে ওইছাত্রী আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ এখানো অভিযুক্ত ফারুক ফকিরকে গ্রেফতার করতে পারেননি। সূত্রমতে, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ও মামলা উত্তোলনের জন্য কলেজ ছাত্রী এবং তার পরিবারকে স্থানীয় প্রভাবশালী একটি মহল নানাধরনের ভয়ভীতিসহ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।