গৌরনদীতে ক্রিকেট খেলা ও সালিশ বৈঠকে পৃথক সংঘর্ষে ২২ জন আহত
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল গ্রামে গতকাল শুক্রবার দুপুরে ক্রিকেট খেলা, উত্তর রমজানপুর গ্রামে সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষ ও বড়দুলালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে হামলায় মহিলাসহ কমপক্ষে ২২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শুক্রবার দুপুরে ক্রিকেট খেলার সময় খেলোয়াড়কে কটুক্তি করার জেরধরে দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অনিক হাসান অপু, ফয়সাল মাহমুদ, খলিলুর রহমান, তারেক হোসেন, রায়হান আহম্মেদ আহত হয়।
অপরদিকে উত্তর রমজানপুর গ্রামের ভ্যানচালক বেল্লাল মোল্লা ও জামাল বেপারীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরধরে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় স্থানীয় সামচু হাওলাদারের বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বেল্লাল মোল্লা, জাহিদ মোল্লা, আপাং, জেলাল, মৌসুমী খানম, জাহিদুল, সালেহা বেগম, সানাউল, আলআমিন, নুর আলম, আমিনুর রহমানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।
অন্যদিকে গতকাল শুক্রবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড়দুলালী গ্রামের প্রবাসী আব্দুল হাইর স্ত্রী নুরুন্নাহার বেগম ও তার কন্যা পাপিয়াকে কুপিয়ে জখম করে ভাসুর মন্টু ফকির ও তার লোকজনে। গুরুতর আহতদের গৌরনদী ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।