মলমপার্টির খপ্পরে….

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ত্র খুইয়েছেন এক ঠিকাদার ও দুই চাকুরিজীবি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায়।
মলম পার্টির খপ্পরে পড়া অসুস্থ্য ঠিকাদার অপু হাওলাদার জানান, চাঁদপুর থেকে ঠিকাদারী বিল উত্তোলন করে তিনি নিজবাড়ি বরিশালের আগৈলঝাড়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে রওয়ানা দেন। বুধবার রাত নয়টার দিকে মাদারীপুরের মোস্তফাপুর নামকস্থানে পৌঁছলে পথিমধ্যে মাইক্রোবাসে যাত্রীবেসে ৪/৫ জন মলম পার্টির সদস্য তাকেসহ আরো দুই যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখে মলম
লাগিয়ে দেয়। এতে তারা অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা, স্বর্নের চেইন, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে বার্থী কালিবাড়ি সংলগ্নস্থানে মহাসড়কের পার্শ্বে তাদের ফেলে রেখে যায়। পথচারীরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে রেখে চিকিৎসা করায়। অসুস্থ্য ঠিকাদারের বাড়ি আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে। অপর দুই যুবক সোহেল মুন্সী ও খোকন মুন্সীর নিকট থেকেও নগদ পনের হাজার টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। তারা একটি ঔষধ কোম্পানীতে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে। বর্তমানে অসুস্থ্যরা বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলমের বাড়ি কটকস্থলে চিকিৎসাধীন রয়েছেন।