আর্কাইভ
গৌরনদীতে মাছ চোরদের হামলায় ঘের কর্মচারী জখম
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের সরকারি মৎস্য ঘেরের কর্মচারীর ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সংঘবদ্ধ মাছ চোরের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। গুরুতর অবস্থায় আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে গতকাল বুধবার সকালে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, দক্ষিণ পালরদী গ্রামের সরকারি ঘের লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো স্থানীয় মুজ্জাফ্ফর হোসেন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় সংঘবদ্ধ মাছ চোরেরা জাল নিয়ে ঘেরের মাছ ধরছিলো। এসময় ঘেরের কর্মচারী স্থানীয় লোকমান মিয়ার পুত্র সজিব মিয়া (১৮) ডাকচিৎকার শুরু করলে একই গ্রামের পলাশ ফকির, সুমন ফকির, মিঠু খানসহ তাদের ৮/৯জন সহযোগী সজিবের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।