গৌরনদীতে পঞ্চম শ্রেনীর ছাত্রী সোনিয়ার বিয়ে অনুষ্ঠান আজ
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের বাঁধাকে উপেক্ষা করে আজ শুক্রবার ধুমধামের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম শ্রেনীর ছাত্রী সোনিয়া খানমের বিয়ে অনুষ্ঠান। ওই সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেও কোন সুফল পায়নি। তারা এ বাল্য বিবাহ বন্ধের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের।
সামাজিক সংগঠন উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক মোঃ শাজাহান কবীর জানান, উপজেলার শংকরপাশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী সোনিয়া আক্তার (১১)। তার (সোনিয়ার) পিতা শংকরপাশা গ্রামের মালেক গোমস্তা দীর্ঘদিন থেকে দুবাইতে রয়েছেন। এ সুযোগে সোনিয়ার মা আলমতাজ বেগম তার পঞ্চম শ্রেনীতে পড়–য়া কন্যার বিয়ে ঠিক করেন পার্শ্ববর্তী পিঙ্গলকাঠী গ্রামের বেলায়েত সরদারের পুত্র প্রবাসী মান্নান সরদারের (২৮) সাথে। আজ শুক্রবার বাদ জুম্মা ৫০জন বরযাত্রী আসার কথা রয়েছে পঞ্চম
শ্রেনীর ছাত্রী কনের বাড়িতে। তিনি আরো জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে তিনিসহ নারী ও সামাজিক উদ্যোক্তারা মিলে গতকাল বৃহস্পতিবার ভোরে কনে সোনিয়াদের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধের জন্য তার অভিভাকদের অনুরোধ করেন। এসময় সোনিয়ার মা তাদের ওপর চড়াও হয়। বিষয়টি তিনি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জকে (অতিরিক্ত দায়িত্ব) মৌখিক ভাবে ও নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যানকে লিখিত ভাবে জানানো সত্বেও বাল্যবিবাহ বন্ধে এখনো তারা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তিনি দ্রুত ভাবে এ বাল্য বিবাহ বন্ধের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সোনিয়ার মা আলমতাজ বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সোনিয়ার বিয়ে প্রসংঙ্গে কোন কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।