অবশেষে গৌরনদীর সেই আলোচিত
উপজেলা শিক্ষা অফিসারকে বদলি
সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ নানা অনিয়মের অভিযোগে অবশেষে সকল নাটকের অবসান ঘটিয়ে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামানকে বদলি করা হয়েছে। বদলি ঠেকাতে বর্তমানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছেন।অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে সম্প্রতি অনুষ্ঠিতব্য উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪টি রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ২শ ৩০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫ম শ্রেনীর চুরান্ত মডেল টেষ্ট ও সমাপনী পরীক্ষার ফি ৩০ টাকার স্থলে ৮২ টাকা করে দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এ নিয়ে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা মেলে। তদন্ত কমিটির রির্পোটের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়। এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের কারনে গণ শিক্ষা অধিদপ্তর গত মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামানকে গৌরনদী থেকে সুনামগঞ্জ সদরে বদলি করেন।
নামপ্রকাশ না করার শর্তে এক সহকারি শিক্ষা অফিসার জানান, বদলির আদেশের পর বদলি ঠেকাতে শিক্ষা অফিসার কামরুজ্জামান সংশ্লিষ্ট মন্ত্রনালয়সহ বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন। অপরদিকে আরেকটি বিশ্বস্ত সূত্র জানায়, এরপূর্বে কামরুজ্জামান ঝালকাঠীর রাজাপুরে কর্মরত অবস্থায় নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলায় লঘু দন্ড হিসেবে কর্তৃপক্ষ তার দুটি ইনক্রিমেন্ট কেটে নেন।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বদলির আদেশের কথা লোক মুখে শুনেছি, তবে আমি এখনো কোন কাগজ পাইনি। বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস হোসেন কামরুজ্জামান কর্তৃক হাতিয়ে নেয়া টাকা ফেরত দেয়াসহ বদলির আদেশের সত্যতা স্বীকার করেন।