গৌরনদী পৌরসভায় রহস্যজনক চুরি
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভায় রহস্যজনক ভাবে চুরি সংঘঠিত হয়েছে। গতকাল বুধবার পৌরসভার চুরির খবর সর্বত্র ছড়িয়ে
পরলে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পৌর কর্তৃপক্ষ থানায় সাধারন ডায়েরী করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার পানি শাখার কক্ষে গত মঙ্গলবার রাতে গ্রীল ভেঙ্গে চুরি সংঘঠিত হয়। চোরেরা শুধুমাত্র পানি শাখার হিসাবের কম্পিউটারের সিপিওটি চুরি করে নিয়ে যায়। নামপ্রকাশ না করার শর্তে পৌরসভার একটি সূত্রে জানা গেছে, চুরি হওয়া কম্পিউটার সিপিওর পার্শ্বেই পৌরসভার প্রকৌশলীর কম্পিউটার সিপিও রক্ষিত ছিলো। দুটি সিপিওর মধ্য থেকে শুধু পানি শাখার হিসাবের সিপিওটি চুরি হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একাধিক পৌর নাগরিকরা জানান, দুটি কম্পিউটার সিপিওর মধ্য থেকে একটি সিপিও চুরি হওয়ার বিষয়টি রহস্যজনক। এ ব্যাপারে পৌর মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিববার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম চুরির বিষয়ে সাধারন ডায়েরীর করার সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।