বরিশালে মহান বিজয় দিবস পালন
এম.মিরাজ হোসাইন, বরিশাল থেকে ॥ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে
সাথে পুলিশ লাইন্স মাঠে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এসময় সরকারী, বে-সরকারী, স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে ফুল দেন বিভাগীয় কমিশনার আবু হেনা মুহাম্মদ রহমাতুল মুনিম, ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, জেলা প্রশাসক আরিফ-উর রহমান, মেট্রো পুলিশ কমিশনার ডাঃ আব্দুর রহিম, পুলিশ সুপার দেবব্রত ভট্টাচার্য, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মুল কমিটি। মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস। সকাল সারে ৭টায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মিরা বিজয় র্যলী সহকারে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান। সকাল ৯টায় সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান। সকাল ১১টায় আওয়ামীলীগ নগরীতে বিজয় র্যালি বের করে। দুপুর ১২ টায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারের নেতৃতে জেলা ও মহানগর বিএনপি বিজয় র্যালি সহকারে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প অর্পন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং ত্রিশ গোডাউনের বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পন করেন। সকাল ৯ টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার। পরে সেখানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ন ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছিলো।