বিয়ে বাড়িতে সংর্ঘষে কাউন্সিলরসহ ১০ জন আহত
আহম্মেদ জালাল, বরিশাল থেকে ॥ বরিশাল নগরীর কড়াপুর গ্রামে গতকাল শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র
করে বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ওয়ার্ড কাউন্সিলরসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে ৩টায় কড়াপুর গ্রামের মাসুম হাওলাদারের কন্যার বৌ-ভাত অনুষ্ঠানে বর পক্ষের লোকজন আসে। বরপক্ষের লোকজন ও কনে পক্ষের লোকজনের মধ্যে বসার স্থান নির্ধারনকে কেন্দ্র করে বাতবিতন্ডা বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংর্ঘষে বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ হোসেন, স্থানীয় খোকন চৌধুরী, শরিফ কাজী, মিতু বেগম, শাহনাজ বেগম, আলমগীর হোসেন, ফজলুল হক, জালাল মৃধাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহত কাউন্সিলর ফরিদ হোসেন জানান, বসার জায়গা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে বর ও কনে পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ছাড়াতে গিয়ে তিনি আহত হয়েছেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।