মৃত্যুবার্ষিকী : প্রবীন সাংবাদিক হোসেন শাহ্
নিজস্ব সংবাদদাতা ॥ প্রবীন সাংবাদিক, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে ও দৈনিক
শাহনামা’র প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক মরহুম হোসেন শাহ’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ভাষা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রবীন সাংবাদিক হোসেন শাহ্র কর্মকান্ড আজো শ্রদ্ধার সাথে স্মরন হয়ে থাকে। ২০০৪ সালের ১৪ জানুয়ারি তিনি বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মরহুম হোসেন শাহ প্রায় ৩০ বছর আগে প্রথম মাসিক বাংলারে বনে পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র অঙ্গনে প্রবেশ করেন। পরে তিনি এ পত্রিকাটি দৈনিকে রূপান্তরিত করেন। এছাড়া ১৯৯১ সালে দৈনিক শাহনামা পত্রিকা প্রকাশ করেন। গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি যৌবনে প্রথমে কংগ্রেস, যুক্ত ফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি গৌরনদীর টরকীতে যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা প্রদানে সহায়তা করেন। তার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ জোহর স্থানীয় চাঁদমারী এছহাকিয়া রশিদিয়া কওমী মাদ্রাসা, এতিমখানা ও ব্যপ্টিস্টমিশন রোড জামে মসজিদে এক দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।