খোকাই হচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক
খোন্দকার কাওছার হোসেন : অবশেষে সাদেক হোসেন খোকাকেই আহ্বায়ক করে ঘোষণা করা হচ্ছে ঢাকা মহানগর বিএনপির কমিটি।
বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ সিদ্ধান্ত চুড়ান্ত বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, কমিটি গঠনের ব্যাপারে খালেদা জিয়া সিরিয়াস মনোভাব পোষণ করেছেন। চিকিৎসা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেই মহানগর কমিটি ঘোষণা করা হবে। সৌদি যাত্রার প্রাক্কালে সিনিয়র নেতাদের অবিলম্বে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এ কমিটির চুড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। কমিটিতে খোকাকে আহ্বায়কের দায়িত্ব দেয়ার ব্যাপারেও তিনি ইঙ্গিত দিয়েছেন বলে ঐ সূত্র জানিয়েছেন। সে মোতাবেক সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে মনোনয়ন পাওয়া ১২ জনকে যুগ্ম আহবায়ক করে ঢাকা মহানগর বিএনপির কমিটি চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গুলশান কার্যালয়ে খালেদা জিয়া ঢাকা মহানগর কমিটি গঠনের নানাদিক নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের নেতারা ওয়ার্ড থেকে থানা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সুপারিশ করেন। পাশাপাশি সাবেক যুবদল-ছাত্রদল নেতাদের সমন্বয় করারও দাবি জানান। খালেদা জিয়াও এসব বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তহীনতায় প্রায় ৩ বছর ঝুলে রয়েছে বহুল আলোচিত বিএনপির ঢাকা মহানগর কমিটি। দলীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মহানগর কমিটি ঘোষণা না হওয়ায় দলের এ ইউনিটের সাধারণ নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে হতাশা। এ নিয়ে দলের ভেতরে বইছে নানা সমালোচনার ঝড়। প্রশ্নও তুলছেন অনেকেই।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, মহানগর কমিটি না থাকায় রাজধানীতে দলীয় কর্মকাণ্ড চলছে নিয়ন্ত্রণহীনভাবে, নেই কোনো গতিশীলতা। কর্মসূচিগুলো পালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে অনেকটা দায়সারাগোছের। অন্যান্য সাংগঠনিক ইউনিটের পুনর্গঠন হচ্ছে না। মহানগর নেতাকর্মীদের অনেকেই দলীয় কর্মকাণ্ড গুটিয়ে ব্যক্তিগত ব্যবসা বানিজ্যে মনোনিবেশ করছেন।
ঢাকা মহানগর কমিটি নিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে গত ১৪ ফেব্র“য়ারি গুলশান কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় মহানগর বিএনপির কমিটির বিষয়ে মির্জা আব্বাসকে দায়িত্ব দিতে চাইলে তিনি ২ দিনের সময় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। কিন্তু খালেদা জিয়া মির্জা আব্বাসের এ প্রস্তাবে সায় দেননি।
বিএনপি মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহানগরীর রাজনীতিতে এ কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে এ কমিটির বিশেষ ভূমিকা রয়েছে। যোগ্য ব্যাক্তিকেই এ কমিটির দায়িত্ব দেয়া হবে। তিনি আরো বলেন, চিকিৎসা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেই চেয়ারপারসন মহানগর কমিটি ঘোষণা করবেন।
সাদেক হোসেন খোকা বলেন, চূড়ান্ত কমিটি গঠনের বিষয়ে আমার জানা নেই। মিডিয়ার মাধ্যমে জেনেছি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, চেয়ারপারসন ফিরলে কমিটি ঘোষণা করা হবে। দ্রুত কমিটি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
মির্জা আব্বাসের মন্তব্য জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সর্বশেষ ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল ২০০০ সালের ২ মার্চ। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে ২৯৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ভেঙে দেয়া হয় ২০০৮ সালের ৪ জুন।