যুদ্ধাপরাধীর পক্ষে রাতের আধাঁরে ব্যাপক পোষ্টারিং ॥ গৌরনদীর মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সারাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন ঝড় উঠেছে, ঠিক সেই সময় বিএনপির মনোগ্রামে বরিশালের গৌরনদীর বহুল আলোচিত যুদ্ধাপরাধী রাজাকার, লুটার, ধর্ষণকারী ও ’৭১-র একাধিক হত্যার মূল নায়ককে বীর মুক্তিযোদ্ধা আখ্যাদিয়ে গত সোমবার গভীর রাতে উপজেলার বাটাজোরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পোষ্টারিং করা হয়েছে।
পোষ্টারের শেষ অংশে গৌরনদী উপজেলার ৬ নং বাটাজোর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের নাম ব্যবহার করা হলেও যুদ্ধাপরাধী সুলতান আহম্মেদ শাহউদ্দিন ওরফে শাকু ও তার পুত্র এস.এম শাহজাহানের নামসহ বিশাল ছবি রয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ আপত্তিকর পোষ্টার দেখে স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেঁটে পরেন। তারা অনতিবিলম্বে এ আপত্তিকর পোষ্টারিংয়ের জন্য যুদ্ধাপরাধীর পুত্রর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ’৭১ সালে মোরা যহন দ্যাশ স্বাধীনের লাইগ্যা যুদ্ধে ঝাঁপাইয়া পরি, ঠিক ওই সময় বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের সুলতান আহম্মেদ শাকু পাক সেনাদের সাথে হাত মিলায়। পরবর্তীতে ও (শাকু) গ্রামের কতিপয় লোকজন নিয়া রাজাকার বাহিনী গঠন করে বাটাজোরসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাদের খবরা খবর গৌরনদী কলেজের পাকসেনাদের ক্যাম্পে পৌঁছাইয়া দিতো। ওইসময় রাজাকার শাকু ও তার বাহিনীর লোকজনে খুন, ধর্ষন, লুটপাটে অতিষ্ঠ করে তোলে গোটা এলাকা।
মুক্তিযোদ্ধা ওসমান গনি বলেন, রাজাকার শাকুর হাত থেকে সেদিন (যুদ্ধ চলাকালীন সময়) রক্ষা পায়নি পূর্ব চন্দ্রহার গ্রামের পূর্ণ চন্দ্র ঘরামী ও মহেন্দ্র নাথ তালুকদার। ওই নরপশুরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে পূর্ণ চন্দ্র ঘরামী ও মহেন্দ্র নাথ তালুকদারকে নির্মম ভাবে হত্যা করে। তিনি আরো জানান, দেশ স্বাধীনের পর রাজাকার শাকু নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করে খুলনায় গিয়ে বসবাস শুরু করে। গত ৭ বছর পূর্বে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে নিজগ্রামে ফিরে আসে। কিছুদিন পরেই সে (রাজাকার শাকু) মারা যায়। একই ভাবে জানালেন মুক্তিযোদ্ধা ইসাহাক হাওলাদার, প্রফেসর মজিবর রহমান, কবির হাওলাদারসহ একাধিক মুক্তিযোদ্ধারা। বহুল আলোচিত রাজাকারকে বীর মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে আপত্তিকর পোষ্টারিং করার জন্য তারা অনতিবিলম্বে যুদ্ধাপরাধীর পুত্রর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিএনপির দলীয় মনোগ্রাম ব্যবহার করে রাজাকার শাকুর পুত্র এস.এম শাহজাহান তার ও তার পিতা সুলতান আহম্মেদ শাহউদ্দিনের বিশাল ছবি ও নাম ব্যবহার করে পোষ্ঠারিংয়ে উল্লেখ করেছে-৬ নং বাটাজোর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতান আহম্মেদ শাহউদ্দিনের স্মরনে মহান স্বাধীনতা দিবসে সকল মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। পোষ্টারিংয়ে আরো উল্লেখ রয়েছে-মহান স্বাধীনতা দিবসে ২৬ মার্চ হোক আমাদের অঙ্গীকার সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ গড়ার। সবশেষে ৬ নং বাটাজোর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের নাম উল্লেখ করা হলেও এরসাথে কেউ জড়িত নেই বলে বাটাজোর ইউনিয়নের মুক্তিযোদ্ধারা দাবি করেন।
অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা জানান, শাহজাহান বিএনপির কেউ নয়। বিএনপির মনোগ্রাম ব্যবহার করে তার পোষ্টারিং করা বে-আইনী। এ ব্যাপারে দলের সিনিয়র নেতাদের অবহিত করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।