৬০ বছরের সাজাপ্রাপ্ত গিয়াসউদ্দিন বরিশাল জেল গেট থেকে আটক
এম.মিরাজ হোসাইন, বরিশাল॥ নগরীতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার মামলায় ৬০
বছরের সাজাপ্রাপ্ত জঙ্গী সদস্য গিয়াস উদ্দিনকে কোতোয়ালী পুলিশ বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে গ্রেফতার করেছে।
২০০৫ সালের ১৭ আগস্ট নগরীর ১৪ পয়েন্টে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া ১২টি মামলার মধ্যে ২টি মামলায় গিয়াসকে যাবজ্জীবন কারাদন্ড দেয় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সম্প্রতি আবেদনের প্রেক্ষিতে উচ্চাদালত তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন।
বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারা থেকে বের হওয়ার সাথে সাথে পুনরায় পুলিশ তাকে গ্রেফতার করে। গিয়াস নগরীর জিয়া সড়ক নয়াকান্দা এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মামলা রয়েছে। সে একজন জেএমবির সদস্য। যে কোন সময় আবার সক্রিয় হতে পারে আংশকায় তাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে।