গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে ॥ মহিলাসহ ৩০ জন আহত

বরিশালের গৌরনদীতে সালিশ বৈঠকে ও আগৈলঝাড়ায় বিরোধীয় জমির ধানকাটাসহ পৃথক ঘটনায় গতকাল মঙ্গলবার পৃথক পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জনৈক ইদ্রিস হাওলাদার সম্প্রতি একলক্ষ টাকা চাঁদা দাবি করে একই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের কাছে। আনোয়ার এ ঘটনায় স্থানীয়দের কাছে বিচার দেয়ার পর সালিশ বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয়দের সমন্ময়ে সালিশ বৈঠক চলাকালীন চাঁদাবাজ ইদ্রিস ও তার সমর্থকরা অর্তকিত ভাবে হামলা চালিয়ে আহত করে প্রবাসী আনোয়ার হোসেন তার ভাই ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা কবির হোসেন হাওলাদার ও তার পিতা হারুন হাওলাদারকে। গুরুতর আহত আনোয়ার হোসেনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের হরেন চৌকিদারের সাথে ২০ শতক জমি নিয়ে একই গ্রামের মোতালেব সরদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার মোতালেব সরদারের রোপনকৃত ইরি-বোরো ধান হরেন চৌকিদার তার লোকজন নিয়ে জোরপূর্বক কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের মোতালেব সরদার, আম্বিয়া বেগম, জরিনা, সুমা, লিমা, হরেন চৌকিদার, রমা চৌকিদার, শুলেখা, নিখিল, ধানকাটা শ্রমিক জাহাঙ্গীর ও মকবুলসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়াও পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের দীপক দত্ত, জেসমিন বেগমসহ ৪জন, তাঁরাকুপি গ্রামের ফরিদা বেগম, হালিম উদ্দিন, নরসিংহলপট্টি গ্রামের কবির সিকদার, খাঞ্জাপুরের মালা বেগম, বাদুরিয়া গ্রামের ময়না বেগম, কালকিনির সিমা বেগমসহ ২জন। তুচ্ছ ঘটনায় কসবা গ্রামের নান্নু আহম্মেদের হামলায় গুরুতর আহত হয়েছে তার স্ত্রী ইরানী বেগম।