গৌরনদীতে অধ্যক্ষর হামলায়
সহকারি অধ্যাপক আহত
অভ্যন্তরীন বিরোধের জের ধরে গতকাল রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকানের হামলায় একই কলেজের সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম সন্যমাত ওরফে ইরান আহত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।আহত সূত্রে জানা গেছে, বিগত ২০০২ সালে কলেজ গভর্নিং বডির তৎকালীন সভাপতি বরিশাল জেলা প্রশাসক মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলামকে প্রমোশন প্রদান করেন। কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান তৎকালীন এ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সাথে
আতাত করে তৌহিদুলের প্রমোশন বাতিল করে তার (অধ্যক্ষর) স্ত্রী কামরুন নাহারের নামে প্রমোশন আনেন। সম্প্রতি তৌহিদুল ইসলাম সহকারি অধ্যাপক হিসেবে প্রমোশন লাভ করেন। গতকাল রোববার দুপুর ১২ টার দিকে তৌহিদুল ইসলাম অধ্যক্ষর কাছে ২০০২ সালের রেজুলেশনের ফটোকপি সত্যায়িত করার জন্য যান। এ সময় অধ্যক্ষ রেজুলেশনের ফটোকপিতে সত্যায়িত করবেন না বলে জানান, এনিয়ে উভয়ের সাথে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে অধ্যক্ষ চড়াও হয়ে সহকারি অধ্যাপক তৌহিদুলের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার কথা অস্বীকার করে মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ বলেন, সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলামের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সে আমার ওপর চড়াও হয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অধ্যক্ষ কর্তৃক সহকারি অধ্যাপকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।