ভ্যান চালিয়ে লেখাপড়ার খরচ জুগিয়েছে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামের দিনমজুর মোক্তার আলীর পুত্র সৈয়দ নাজমুল। অভাব অনটন আর দারিদ্রতাকে জয় করে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে গৌরনদী উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস.এস.সি পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে নাজমুল জিপিএ-৫ পেয়েছে। সৈয়দ মোক্তার আলী ও গৃহিনী নুর জাহান বেগমের ৫ সন্তানের মধ্যে নাজমুল হচ্ছে বড়। তাই দিনমজুর পিতার পাশে সংসার ও নিজের লেখাপড়ার খরচ যোগাতে নাজমুলকে ভ্যান চালাতে হয়েছে।
নাজমুল আলম জানায়, ভাল ফলাফল করেও উচ্চ শিক্ষার আশা সে অনেকটাই ছেড়ে দিয়েছে। অর্থাভাবে ভাল কোন কলেজে ভর্তি কিংবা উচ্চ শিক্ষা তার জন্য আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। সমাজের মহানুভব সমাজপতি ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে নাজমুল ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহীনিতে যোগদান করে দেশ সেবা করতে চায়।