গৌরনদী-আগৈলঝাড়ায় ইভটিজিংয়ের প্রবনতা বৃদ্ধি দু’ছাত্রীর আত্মহত্যা
পাঁচ ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় বখাটেদের উত্যক্ত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাত্র ১৪ দিনের ব্যবধানে দু’ছাত্রী বখাটেদের কটুক্তি ও অব্যাহত হুমকির মুখে লোকলজ্জার আত্মহত্যা করেছে। এছাড়াও ইভটিজিংয়ের শিকার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে পাঁচ ছাত্রী। অপরদিকে গতকাল রবিবার গৌরনদীর এক স্কুল ছাত্রী বখাটেদের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। একইদিন আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীর পিতা তার কন্যার নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন। গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের খায়রুল আহসান লাভলু অভিযোগ করেন, তার বড় ভাই আনোয়ার ডিপটির কন্যা আয়শা আক্তার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। সম্প্রতি আয়শা স্কুলে যাওয়া আসার পথে প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী রুস্তুম আলীর বখাটে পুত্র শফিকুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করে আসছে। এ বিষয়ে আয়শা তাদের জানালে তারা বখাটে শফিকের চাচা জালাল উদ্দিনের কাছে বিচার দেয়। গত ২৩ মে জালাল উদ্দিন আয়শাদের বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায়। ভবিষৎতে শফিক আর উত্যক্ত করবেনা বলে মুচলেকা দেয়। তিনি আরো অভিযোগ করেন, গতকাল রবিবার আয়শা স্কুলে যাওয়ার পথে শফিক ও তার সহযোগীরা পথরোধ করে অশ্লিল মন্তব্যসহ বিভিন্ন ভাবে উত্যক্ত করে। অভিমানী স্কুলছাত্রী আয়শা স্কুলে না গিয়ে বাড়িতে ফিরে আসে। বখাটেদের উৎপাতে সে আর স্কুলে যাবে না বলে অভিভাবকদের জানায়। বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানান হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত দায়িত্বে এস.আই মিজানুল হক জানান, উল্লেখিত বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।অপর দিকে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের জগদীশ রায় জানান, তার কন্যা বরিশাল বি.এম কলেজের ছাত্রী কচি রায়কে পার্শ্ববতী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সজল প্রায়ই প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে। তিনি কন্যার নিরাপত্তা চেয়ে গতকাল রবিবার আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরি করেছেন। আগৈলঝাড়া থানার এ.এস.আই জাহাঙ্গীর আলম সাধারন ডায়েরির কথা স্বীকার করে বলেন, অভিযুক্ত সজলের বাড়ি অন্য থানায় হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটু সময় লাগবে।
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বেপারী জানান, বখাটেদের প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে বখাটেদের হাতে শিক্ষকদের নাজেহাল হতে হয়েছে। আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মোল্লাপাড়া গ্রামের অমল সরকারের কন্যা মমতা সরকার, সুশেন মন্ডলের কন্যা সুপ্রিয়া মন্ডল, গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মেরীনা আক্তার, গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের একদশ শ্রেনীর ছাত্রী দত্তরাবাদ গ্রামের মোতালেব মাস্টারের কন্যা মুনিয়া আক্তার, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রোকসানা আক্তার, ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।
সূত্রমতে, বখাটেদের কটুক্তি ও হুমকির মুখে লোকলজ্জায় গত ১০ মে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী রিমা ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় এ গ্রেড প্রাপ্ত মিতালী মন্ডল গত ২৪ মে আত্মহত্যা করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।