বিশ্বকাপ ফুটবলকে ঘিরে লটারীর নামে গৌরনদী থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে লটারীর নামে ফুটবল প্রেমিকদের নানা প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদী থেকে একটি সংঘবদ্ধ চক্র লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রসাশন বলছেন তারা কিছুই জানেন না। বার্থী গ্রামের ফরহাদ হোসেন অভিযোগ করেন, বিশ্বকাপ ফুটবল খেলার আগের দিন থেকে একটি সংঘবদ্ধ চক্র লটারীর নামে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ২০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যের লটারী বিক্রি শুরু করেন। উপজেলার বার্থী বাজারের জননী ষ্টোরে সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ও কটকস্থল বাসষ্ট্যান্ডের রহমান ষ্টোরে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত লটারী বিক্রি করা হয়। এছাড়াও ২০/২৫ জন এজেন্টের মাধ্যমে উপজেলার সর্বত্র এ লটারী বিক্রি করা হচ্ছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ এনামুল হক বেপারী জানান, গতকাল মঙ্গলবারের ব্রাজিল বনাম উত্তর কোরিয়ার মধ্যে ফুটবল খেলার বিজয়ী দলের আগাম নাম লিখে তিনি ১ হাজার টাকা দিয়ে ১টি ও বিজয়ী এবং পরাজিত দলের গোল সংখ্যা লিখে ৪’শ টাকার দুটি লটারী ক্রয় করেছেন।
কটকস্থল গ্রামের ফিরোজ মিয়া অভিযোগ করেন, প্রতিদিন বিশ্ব কাপ ফুটবল খেলার শেষে পুরস্কার দেয়ার কথা রয়েছে। অথচ লটারী বিক্রির শুরু থেকে এ পর্যন্ত প্রতিদিনই সে লটারী ক্রয় করছেন। এখনো তিনি কোন পুরস্কার পাননি। ফুটবল প্রেমিদের আকৃষ্ট করতে লটারীর নামে এটি একটি অভিনব প্রতারনা বলে তিনি উল্লেখ করেন।
লটারী বিক্রেতা ও বার্থী বাজারের জননী ষ্টোরের মালিক করিম লস্কর লটারীর নামে প্রতারনার কথা অস্বীকার করে বলেন, টাকা খাটিয়ে ফিফা ওয়ার্ন্ড কাপ ২০১০ উপলক্ষে দর্শকদের আকৃষ্ট করতে এ লটারীর আয়োজন করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলামের কাছে লটারীর নামে প্রতারনা করে লক্ষ লক্ষ হাতিয়ে নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে এখনো কেউ অভিযোগ দেননি। তবে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া গেলে লটারী বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।