গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সর্বহারা নেতা গ্রেফতার
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ গতকাল রবিবার ভোরে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা জহিরুল ইসলাম প্যাদাকে গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, বাবুগঞ্জ থানার বহুল আলোচিত জসিম হত্যা মামলার প্রধান আসামি, মুলাদী থানার জনৈক বিডিআর সদস্য হত্যাসহ গৌরনদী ও উজিরপুর থানার একাধিক মামলার পলাতক আসামি, ২০০৪ সালে মুলাদী থানার অপর একটি হত্যা মামলার (যার নং-৬ (১০) ০৪) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম প্যাদা (৩৮)।
সে সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা। তিনি আরো জানান, বরিশাল উত্তর জনপদের সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা বাবুল সরদার সম্প্রতি র্যাবের ক্রসফায়ারে মারা যাওয়ার পর জহিরুল ইসলাম প্যাদা তার (বাবুলের) দায়িত্ব পালন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোরে গৌরনদী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ বাবুগঞ্জ থানার রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম প্যাদাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে গতকাল রবিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃতর বাড়ি উপজেলার মিয়ারচর গ্রামে। সে ওই গ্রামের ইনসাফ আলী প্যাদার পুত্র।