গৌরনদী সরকারি কলেজে বহিরাগতদের হামলায় চার শিক্ষার্থী আহত

গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বহিরাগত ও নেশাগ্রস্তদের প্রবেশ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেয়। এসময় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে জীবন, হৃদয়, মুন্না, মাহিন, ইমনসহ প্রায় ২০ থেকে ৩০ জন বহিরাগত ছিল বলে জানা গেছে। এদের হামলায় রাইয়ান হাওলাদার গুরুতর আহত হন এবং তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হৃদয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি মারামারিতে জড়িত ছিলাম না, শুধু মারামারি থামাতে গিয়েছিলাম।”
কলেজ শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের অবাধ প্রবেশ ও নেশাগ্রস্ত কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনিক ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।




